ভারতে বন্দুক নিয়ে টমেটো পাহারা!

ট্রাকে থাকা দামি কোনো গয়না বা ইলেক্ট্রনিক্স সামগ্রী বা কোনো ভিআইপিকে পাহারা দিচ্ছেন না এই নিরাপত্তাকর্মীরা। বন্দুক নিয়ে তারা পাহারা দিচ্ছেন স্রেফ লাল লাল পাকা টমেটো!
কেন? কারণ, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে টমেটো এখন অন্যান্য সময়ের তুলনায় মূল্যবান জিনিস। সেখানে টমেটোর দাম বেজায় চড়া।
এটা অবশ্য টমেটোর মৌসুমও নয়। সে যা হোক, টমেটো তো বাজারে মেলে! তবে এবার এই সময়ে এক কেজি টমেটোর দাম গিয়ে ঠেকেছে ১০০ রুপিতে। এ কারণে দামি এই সবজি চুরিও হচ্ছে হরহামেশা। এমনকি ট্রাকবোঝাই টমেটো লুটের ঘটনাও ঘটেছে। এ অবস্থায় ইন্দোরের দেবি আহিল্যা বাই হোলকার বাজারে টমেটো পাহারায় নিযুক্ত করা হয়ছে সশস্ত্র কয়েকজন নিরাপত্তাকর্মী। পাইকারি সবজি বিক্রেতাদের দাবি মেনেই স্থানীয় প্রশাসন কঠোর এই ব্যবস্থা নিয়েছে।
সবজি বিক্রেতা সন্তোষ নারাং সংবাদমাধ্যমকে বলেন, টমেটোর দাম আকাশছোঁয়া হওয়ায় এগুলো পাহারা দেওয়ার কথা ভাবছে পাইকারি বিক্রেতারা।
উল্লেখ্য, গত ১৫ জুলাই মুম্বাইয়ে একটি ট্রাক থেকে ২ হাজার ৬০০ কেজি টমেটো লুট করে এক দল লোক।
সন্তোষ নারাং আরও বলেন, টমেটোগুলো নিরাপদে রাখতে প্রশাসনকে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছিল। প্রশাসন বেশ কয়েকজন সশস্ত্র নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়। বাজারে বেচাকেনা চলার সময় ওই নিরাপত্তাকর্মীরাই অস্ত্র হাতে এখন টমেটো পাহারা দিচ্ছেন।
স্থানীয় পরিদর্শন কর্মকর্তা রমেশ সোয়াদিয়া বলেন, ব্যবসায়ীরা ট্রাক থেকে টমেটো নামানোর সময় পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন। এরপরই ব্যবসায়ীদের অনুরোধে ওই নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়।
এক মাস আগে চিত্রটা ছিল অন্যরকম
তবে মাত্র এক মাস আগেও দৃশ্যটা অন্য রকম ছিল। সে সময় টমেটোর প্রচুর ফলন হওয়ায় দাম একেবারেই কমে যায়। তখন মধ্যপ্রদেশের অনেক কৃষক রাস্তায় টমেটো জড়ো করে ফেলে রাখতেন অবহেলায় ।

ট্রাক থেকে টমেটো আনলোড হচ্ছে, পাহাড়ায় সশস্ত্র গার্ড -ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে বলছে, মধ্যপ্রদেশে এ বছর টমেটোর বাম্পার ফলন হলেও টমেটোর মৌসুম এখন নয়। সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকায় ফসলের উৎপাদন কম হওয়ায় শাক-সবজি ও ফলমূলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে টমেটোর দামও অনেক বেশি বেড়ে গেছে।
এখন টমেটো চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় ভারতের অনেক জায়গাতেই এর দাম বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। আগে যেখানে প্রতি কেজি টমেটোর দাম ছিল ৩০ থেকে ৪০ রুপি, এখন সেখানে
প্রতি কেজি টমেটোর দাম ধরা হচ্ছে প্রায় ১০০ রুপি
। এভাবে দাম বাড়ায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বিবিসি, ইন্ডিয়ান এক্সপ্রেস