Aug 25, 2017 · 1 min read
|| কোথাও আমি নাই ||
~ দেব জ্যোতি ভক্ত
ঘুমভাঙা ভোর
শব্দশীতল ঘোর
সকালরোদের স্নান
অলস গল্প ম্লান
তোমার কোথাও আমি নাই।
মৃদু মন খারাপ
পুরনো একটা পাপ
মৃতছায়ার গন্ধ
দারুণ একটু মন্দ
তোমার কোথাও আমি নাই।
বৃষ্টিথামা বিকেল
ধুলোপড়া সাইকেল
স্নিগ্ধ সর্বনাশ
রাতের পূর্বাভাস
তোমার কোথাও আমি নাই।
হাওয়ায় ভাসে ডাকনাম
একদা আমিও ছিলাম
পুরনো ধূসর পাতায়
বর্ষাকালের ছাতায়
এখন কোথাও আমি নাই।