সকাল ৫ঃ০০টায় চোখ ডলতে ডলতে সবার ঘুম ভাঙলো। উদ্দেশ্য একটাই জেতে হবে পাঁচ কিলোমিটার দুরের কংলাক পাহাড়ে সূর্যোদয় দেখতে। ফ্রেশ হয়েই চাঁদের গাড়িতে উঠে পড়লাম সবাই। প্রচণ্ড কুয়াশা আর ঠাণ্ডাকে পাত্তা না দিয়েই অল্পকিছুক্ষনের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাহাড়ে। খুব বেশি উচু না হওয়াতে পাহাড়ের চূড়ায় উঠতে বেগ পেতে হলো না। এইবার অপেক্ষা সূর্য উঠবে কখন ?
মেঘ, কুয়াশা ভেদ করে সূর্য যখন জেগে উঠা জানান দিতে শুরু করলো, আমরা আরো দ্বিধায় পরতে শুরু করলাম। এত সুন্দরও হয় প্রকৃতি !! ফ্রেমে বন্দি করেই এমন এক মুহূর্তের বর্ণনা দেয়া যাবে না। এদিকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের রূপের বর্ণনায় কাউকে ষোড়শী কাউকে বা সদ্য পা দেয়া অষ্টাদশীর সাথেই কেবল তুলনা চলে।

গ্রুপ ছবি, সেলফি তুলে প্রায় দুই ঘন্টার মত সময় পার করে সবাই আবার আমাদের জুমঘর এবং মেঘপুঞ্জিতে ফিরে আসলাম। ফিরেই কটেজের বারান্দা থেকে ছবি তুললাম আরেক পর্ব। ১০ঃ০০টায় কটেজ ছাড়তে হবে। মনকে বুঝানোই যাচ্ছিল না, এতো সুন্দর প্রকৃতিকে আমরা এতো কম সময় কাছে পাবো ? অনিন্দ্য সুন্দরকে মনে হয় অল্প পেয়েই সুখী হতে হয় !
ব্যাগ গোছানো শেষ করে, ব্রেকফাস্ট করেই গাড়ীতে উঠে গেলাম।
