Umar Bin Khattab
Nov 4 · 1 min read

একটি অবাস্তব কথাঃ বিদায় হজ্বের পর দ্বীন প্রচারে সাহাবীগণ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছেন

.

বিদায় হজ্বের ভাষণ শেষে সাহাবীগণের যার ঘোড়া যে দিকে মুখ করা ছিল তিনি সে দিকেই বেরিয়ে পড়েছেন। এ কথাটি লোকমুখে প্রসিদ্ধ। বিদায় হজ্বে ইয়াওমে আরাফা ও ইয়াওমুন নাহার এর খুতবার শেষে রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছে দেয়।

.

ব্যস, এটি শোনা মাত্রই নাকি সাহাবীগণ যার ঘোড়ার মুখ যে দিকে করা ছিল তিনি দ্বীন প্রচারে সে দিকেই ছুটে গিয়েছেন। এটি বাস্তবসম্মত নয় এবং এমনটি ঘটা সম্ভবও নয়। কেননা উকুফে আরাফা এবং কুরবানির পর হজ্বের অনেক কাজ বাকি থাকে। সেগুলো বাদ দিয়ে সকলে কিভাবে চলে যাবেন?

.

সাহাবাগণ দ্বীনের প্রচারে কি পরিমাণ কুরবানি করেছেন সে কথা বুঝাতেই হয়তো এটি বলা হয়ে থাকে। দ্বীনের জন্য তাঁদের কুরবানির অসংখ্য ঘটনা ও হাদিস ইতিহাসের কিতাব ও সীরাতের কিতাবে বিদ্যমান রয়েছে। কিন্তু কোথাও এ ধরনের কোন কথা নেই।

.

আসল বিষয় হলো, সাহাবীগণ দ্বীন প্রচার ও জিহাদে পৃথিবীর দিগ্বিদিকে ছড়িয়ে পড়েছেন, এ কথাটি বর্ণনা করতে গিয়ে অতিরঞ্জন করে কেউ হয়তো উপরোক্ত সহীহ বর্ণনার সাথে এই ভিত্তিহীন কথাটি যুক্ত করে বলেছে। সেই থেকে লোকমুখে কথাটি ছড়িয়ে পড়েছে। যারা ঘটনাটি এভাবে বলেন তারা এ বিষয়টি চিন্তা করেন নি যে, হজ্বের পরে হাজার হাজার সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথেই মদিনা মুনাওয়ারায় ফিরে এসেছেন।

.

সুতরাং আমরা এ কথাটি বলা থেকে বিরত থাকবো এবং দ্বীনের জন্য কুরবানি বিষয়ক সাহাবিগণের যে সকল সহিহ ঘটনা রয়েছে সেগুলো বলবো। কারণ আমাদের প্রতিটি কথার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের অবাস্তব, ভিত্তিহীন কথা বলা থেকে হিফাজত করুন। আমিন।

.

মূল ফাতওয়ার লিংকঃ https://www.alkawsar.com/bn/article/1766/