এখন না হলে কখনোই না

আমরা জাতি হিসাবে খুবই অলস। যেকোন কিছু একটু পরে করার জন্য রেখে দিই কারণ আমরা ভাবি হয়তো পরে করলেও সমস্যা নেই। প্ল্যান তৈরি করি, রুটিন তৈরি করি, এবং সেটাও মানি না, পরে করলেও চলবে। পরে কখন? পরে যখন সুযোগ আসবে, তখন যদি আমি জরুরী কোন কাজে ব্যস্ত থাকতে হয়? যদি আমি বেঁচেই না থাকি? নাকি সুযোগ আমাকে সময় করে দিবে?
আপনি এক বছর আগে কি করছিলেন একটু মনে করে দেখেন, হ্যা, আপনি কিছু করতে চেয়েছিলেন, কিছু শিখতে চেয়েছিলেন। ১ বছর পর চিন্তা করেন, আপনি এখনো সেটা শেখেন নি। এবং না, আপনার মধ্যে নূন্যতম ক্ষোভ, অনুতাপ, আর হতাশা নেই কারণ এখনো আপনি মনে করেন সামনে আরো সুযোগ আসবে। কঠিন বাংলা হয়ে যাচ্ছে? মোটিভেশনাল পোস্ট পড়তে পড়তে আপনি ২ বছর আগে হয়তো ভেবেছিলেন কিছু একটা করবেন, ২ বছর পর কোথায় আপনার মোটিভেশন?
একটা গাছ লাগানোর সবচেয়ে ভালো সময় ছিলো ২০ বছর আগে, আর ২য় ভালো সময়টা হচ্ছে এখন। — চায়নিজ প্রবাদ
হ্যা, আপনার মধ্যে সবই ছিলো, কিন্তু শুধু একটা জিনিসই ছিলো না, একশন। আপনি একশন নেন নি। আপনি মনে মনে প্রেসিডেন্ট বনে গেছেন, বাস্তবে নিজের ভাতটাও নিজে বেড়ে খেতে আপনার ভাল্লাগেনা। আপনি মনে মনে প্রোগ্রামার, বাস্তবে ফেসবুক আর গুগলে সময় কাটান। আপনি মানুষের সাথে তর্ক করেন, মানুষ আপনাকে সময় না দিলে দুঃখ পান, মোটিভেশনাল পোস্ট পড়েন, মোটিভেটেড হন। কিন্তু আপনি সময়ই নষ্ট করেন। নিজের এবং অন্যেরও। একশন নিলে আপনি কিন্তু এখন সময় নষ্ট করার সুযোগটাও পেতেন না। কি করলে কি হতো, সেটা জানানোর জন্য এই পোস্ট না।
আচ্ছা, জানেন, ছোটকালে আপনি অনেক কিছু হতে চেয়েছিলেন, কারণ তখন অলসতা করে পার করার জন্য ফেসবুক হয়তো ছিলো না, এখন আশেপাশে তাকিয়ে দেখেন, অলসতার ঝুড়ি সব। কি আর করা, আমরা জাতি হিসাবে খুবই অলস।
এই পোস্টের উদ্দেশ্য খুবই সাধারণ, পরে করার জন্য কাজ রেখে দিয়েন না, এখনই করেন। এখন না করলে হয়তো কখনোই করার সময় মিলবে না। যেটা ভালো লাগে, সেটা করেন, আপনার লক্ষ্য পূরণে এগিয়ে যান। হ্যা, কত মানুষেই কত কথা বলবে, কত মানুষ আপনাকে নিচে টেনে ধরবে, কিন্তু আপনার লক্ষ্য আর অবস্থা তো তারা জানে না, তাদের কথার দাম না দিয়ে আপনি উপরে উঠতে থাকুন।
হ্যা, এখন আপনি অনেক মোটিভেটেড, অথবা আপনি একদমই মোটিভেটেড না কারণ হয়তো এই পোস্টে সেই পরিমাণে মধু ছিটানো হয়নি। আমার ইচ্ছা ছিলো আপনাকে এটা জানানো, আমি জানিয়েছি, কিন্তু আমি আপনার হয়ে আপনার হাল ধরতে পারবো না। আপনার হাল আপনাকেই ধরতে হবে।
যাক, কি হতে চান সেটা এখনই হওয়া শুরু করুন। অলসতা বাদ দিয়ে এখনই যদি কিছু না করেন, সামনের বছরও এটা করা হবেনা, এবং আপনার মধ্যে কখনোই পূর্ণতার স্বাদ আসবে না।
পরের সুযোগের জন্য তাকিয়ে থেকো না, তোমার হাতে এখন যা আছে, সেটাই সুযোগ। — পল অর্ডেন

